https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার সম্ভাবনা ও সরকারের সাম্প্রতিক বক্তব্যের ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছে ভারত। শুক্রবার (২৮ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান মুখপাত্র রণধীর জয়সোয়াল।
মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহের বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত সব ধরনের ঘটনার ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখে, বিশেষ করে যেসব বিষয় দেশটির জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। ভারতের নিরাপত্তা সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয় বলেও জানান তিনি।
এর আগে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির চুক্তিতে যুক্ত হওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। পরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, সদস্য দেশগুলো বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখালে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
তবে খলিলুর রহমান জানান, চুক্তিতে বাংলাদেশের আনুষ্ঠানিকভাবে যোগদানের বিষয়টি এখনো সরাসরি আলোচনায় আসেনি।
এদিকে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সাম্প্রতিক হামলা নিয়েও ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়। এ বিষয়ে জয়সোয়াল বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও তা মোকাবিলা করা বাংলাদেশের সরকারের অভ্যন্তরীণ দায়িত্ব। বাংলাদেশ সরকারের উচিত এ দায়িত্ব যথাযথভাবে পালন করা।