ঢাকা
১৬ আগস্ট ২০২৬

সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬   ২৪ বার পঠিত
সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

ছবি: -সংগৃহীত

ব্যক্তিগত মন্তব্যকে ঘিরে সৃষ্ট বিতর্কের পর জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তিনি এ বক্তব্য দেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলিনি। তারপরও কেউ যদি আমার বক্তব্যে আহত হয়ে থাকেন, আমি দুঃখ প্রকাশ করছি।

এর আগে মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সন্ধ্যা ৬টার দিকে তারা সংসদ ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান।

পরে সংসদ ভবনের সামনে অবস্থানরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। সেখান থেকে সরে গিয়ে শিক্ষার্থীরা আড়ংয়ের সামনে অবস্থান নিলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কিছু শিক্ষার্থী পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এর আগে বিকেল ৫টার দিকে সায়েন্সল্যাবে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন তিন দফা দাবি ঘোষণা করেন। দাবিগুলোর মধ্যে ছিল—শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও তার মন্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার মধ্যে অনুষ্ঠিত পরীক্ষা পুনরায় গ্রহণ এবং পরদিনের পরীক্ষা স্থগিত করে নতুন রুটিন প্রকাশ। পাশাপাশি প্রশ্নপত্রের মান আরও শিক্ষার্থীবান্ধব করার দাবিও জানানো হয়।

এরও আগে বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা দ্বিতীয় দফায় সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিলে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাজধানীর ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031