ঢাকা
০৮ আগস্ট ২০২৬

গবেষণাভিত্তিক অনুষ্ঠানের টানে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬   ১১ বার পঠিত
গবেষণাভিত্তিক অনুষ্ঠানের টানে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

ছবি: -সংগৃহীত

দীর্ঘ বিরতির পর আবারও উপস্থাপকের ভূমিকায় ফিরেছেন অভিনেত্রী ও উপস্থাপক রুমানা মালিক মুনমুন। কয়েক বছর কানাডায় স্থায়ীভাবে বসবাসের কারণে দেশের শোবিজ অঙ্গন থেকে দূরে থাকলেও সম্প্রতি দেশে ফিরে নতুন অনুষ্ঠান ‘লিজেন্ড অ্যান্ড লিগ্যাসি’-এর মাধ্যমে দর্শকের সামনে হাজির হয়েছেন তিনি।

২০০৬ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পাওয়া মুনমুন অভিনয়ে অভিষেক করেন তৌকীর আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘দারুচিনি দ্বীপ’ দিয়ে। পরে নাটক ও উপস্থাপনায় কাজ করলেও একজন উপস্থাপক হিসেবেই তিনি দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

কিছুদিন আগে এক পডকাস্টে মুনমুন জানিয়েছিলেন, শুধু পর্দায় নিয়মিত উপস্থিত থাকার জন্য নয়, বরং গবেষণাভিত্তিক, অর্থবহ ও দীর্ঘস্থায়ী মূল্য রয়েছে—এমন কোনো অনুষ্ঠান পেলেই তিনি উপস্থাপনায় ফিরবেন। নতুন আয়োজন ‘লিজেন্ড অ্যান্ড লিগ্যাসি’ সেই প্রত্যাশারই বাস্তব রূপ।

অনুষ্ঠানটিতে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের জীবন, কর্ম, সংগ্রাম ও অভিজ্ঞতা নিয়ে দীর্ঘ আলাপচারিতায় অংশ নিচ্ছেন মুনমুন। প্রথম পর্বের অতিথি হয়েছেন প্রখ্যাত নৃত্যশিল্পী শামীম আরা নিপা। পরবর্তী পর্বগুলোতে অতিথি হিসেবে থাকবেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, অভিনেতা আবুল হায়াত, তারিক আনাম খান, সংগীতশিল্পী ফেরদৌসী রহমান, অদিতি মহসিন ও নকীব খান, জাদুশিল্পী জুয়েল আইচ, কথাসাহিত্যিক নাসরীন জাহান, স্থপতি রফিক আজমসহ বিভিন্ন ক্ষেত্রের গুণীজন।

অনুষ্ঠানটি নির্মাণ করেছেন পরিচালক সাজ্জাদ হুসাইন, যিনি জনপ্রিয় টক শো ‘আমার আমি’ পরিচালনার মাধ্যমে মুনমুনকে উপস্থাপক হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

নতুন আয়োজন সম্পর্কে সাজ্জাদ হুসাইন বলেন, এটি কেবল একটি বিনোদনমূলক অনুষ্ঠান নয়; বরং দেশের বরেণ্য ব্যক্তিত্বদের জীবন ও কর্মকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণের একটি প্রয়াস। তার ভাষায়, এই সিরিজ সময়ের সঙ্গে একটি মূল্যবান আর্কাইভে পরিণত হবে।

মুনমুনকে উপস্থাপক হিসেবে নির্বাচনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, শুরুতে একাধিক নাম বিবেচনায় থাকলেও অনুষ্ঠানটির গভীরতা, পরিমিত উপস্থাপনা এবং অতিথিদের সঙ্গে আন্তরিক সংলাপের জন্য শেষ পর্যন্ত মুনমুনকেই সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে। দীর্ঘদিন একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকায় তিনি অনুষ্ঠানটির দর্শন ও উপস্থাপনার ধরন খুব দ্রুত আত্মস্থ করতে পেরেছেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031