https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বিদ্যুৎ ও জ্বালানি, সাশ্রয়ী আবাসন এবং শিক্ষা খাতের চারটি নতুন প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে প্রায় ৭৭৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা পেতে নিবিড়ভাবে কাজ করছে সরকার। প্রকল্পগুলো নিয়ে এডিবির সঙ্গে ঋণ আলোচনা ও অন্যান্য প্রক্রিয়া বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রামে টেকসই জ্বালানি উন্নয়ন ও জনগোষ্ঠীর ক্ষমতায়ন প্রকল্পের জন্য ১৭৫ মিলিয়ন ডলারের ঋণ আলোচনা ইতোমধ্যে সফলভাবে শেষ হয়েছে। একনেকের অনুমোদন পেলেই রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে প্রকল্পটির কাজ শুরু হবে। এর আওতায় নতুন সাবস্টেশন নির্মাণ, বিদ্যমান সাবস্টেশন আধুনিকায়ন এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা শক্তিশালী করা হবে।
আবাসন প্রকল্পের মাধ্যমে নিম্ন ও মধ্যম আয়ের পরিবার, বিশেষ করে নারীদের জন্য সাশ্রয়ী আবাসন ঋণের সুযোগ বাড়ানো হবে। এ লক্ষ্যে পিকেএসএফের মাধ্যমে স্থানীয় মুদ্রায় একটি বিশেষ ক্রেডিট লাইন গঠন করা হবে, যেখান থেকে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের মাধ্যমে সুবিধাভোগীদের ঋণ দেওয়া হবে।
অন্যদিকে, প্রায় ৪ হাজার ৯৭৩ কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণ নেটওয়ার্ক আধুনিকায়ন করা হবে। দ্রুত শিল্পায়নের কারণে বাড়তে থাকা বিদ্যুতের চাহিদা পূরণই এ প্রকল্পের মূল লক্ষ্য।
এ ছাড়া ‘নেক্সটজেন এডুকেশন প্রোগ্রাম’ বাস্তবায়নে এডিবি ও গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন (জিপিই) যৌথভাবে ৩৫০ মিলিয়ন ডলার সহায়তা দেবে। এর মধ্যে এডিবি দেবে ৩০০ মিলিয়ন ডলারের সহজ শর্তের ঋণ এবং জিপিই দেবে ৫০ মিলিয়ন ডলারের অনুদান।
২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়নযোগ্য এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন, ডিজিটাল শিক্ষা সম্প্রসারণ, শিক্ষক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।
চলতি বছরের মে মাসে এডিবি আগামী পাঁচ বছরে বাংলাদেশকে ৫ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছিল। এই অর্থায়ন দেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং ভারসাম্যপূর্ণ আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্যয় করা হবে।