ঢাকা
১৪ আগস্ট ২০২৬

আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬   ৬ বার পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা

করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র (পিএসআর) ও টিআইএনসংবলিত প্রত্যয়নপত্র যাচাইয়ে নতুন নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত ৬ আগস্ট জারি করা নির্দেশনায় সরকারি-বেসরকারি সেবা দেওয়ার আগে এসব নথি অনলাইনে যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।

প্রতিটি কর অঞ্চলে উৎসে কর পরিবীক্ষণ দল গঠন করে পিএসআর ও টিআইএন সনদ যাচাইয়ের দায়িত্ব নির্দিষ্ট কর্মকর্তাদের দিতে বলা হয়েছে। পিএসআর যাচাই করতে হবে এনবিআরের ই-ট্যাক্স ব্যবস্থায় এবং টিআইএনসংবলিত প্রত্যয়নপত্র এনবিআরের আয়কর ওয়েবসাইট বা বারকোড স্ক্যানারের মাধ্যমে যাচাই করতে হবে। শুধু কাগজপত্র দেখে নথি গ্রহণ করা যাবে না।

নির্দেশনায় আরও বলা হয়েছে, অর্থবছরের শুরুতেই সেবা বাস্তবায়নকারী কর্তৃপক্ষকে আয়কর আইন ও সংশ্লিষ্ট বিধিবিধান সম্পর্কে জানাতে হবে। পিএসআর ও টিআইএন যাচাইয়ের তথ্য প্রতি মাসে সংগ্রহ করে পর্যালোচনা এবং মাসের প্রথম তিন কার্যদিবসের মধ্যে এনবিআরের কর জরিপ ও পরিদর্শন শাখায় প্রতিবেদন পাঠাতে হবে।

কোম্পানি, ফার্ম, ব্যক্তিসংঘ ও ট্রাস্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রেও উৎসে কর যাচাইয়ের সময় পিএসআর ও টিআইএন সনদ পরীক্ষা করতে হবে।

এ ছাড়া আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪২ অনুযায়ী, সেবা নেওয়ার সময় প্রয়োজনীয় পিএসআর দিতে ব্যর্থ হলে প্রযোজ্য উৎসে করের হারের অতিরিক্ত ৫০ শতাংশ হারে কর আদায়ের বিধান রয়েছে।

এনবিআর জানিয়েছে, কর্মকর্তারা নিজ নিজ এখতিয়ারের মধ্যেই পরিবীক্ষণ করবেন। নতুন ব্যবস্থার মাধ্যমে ভুয়া পিএসআর ও টিআইএন সনদ ব্যবহার রোধ এবং রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা বাস্তবায়নে নজরদারি আরও জোরদার হবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031