https://timenewsbangla.com

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা। নতুন ১৫ তলা ভবনটি শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন।
নতুন ভবন চালু হলে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে দাঁড়াবে ১ হাজারে। এতে এটি দেশের সবচেয়ে বড় বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসাকেন্দ্রে পরিণত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তিনটি বেজমেন্টসহ ভবনটিতে রয়েছে ওয়ার্ড, অস্ত্রোপচার কক্ষ, রোগ নির্ণয় ইউনিট, ৪০ শয্যার নিবিড় পরিচর্যাকেন্দ্র, ২০ শয্যার নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র এবং ১১২টি কেবিন। দুর্ঘটনায় আহত রোগীদের জন্য রয়েছে ১০০ শয্যার বিশেষায়িত আঘাত চিকিৎসা ইউনিট ও ২৪ ঘণ্টা অস্ত্রোপচারের সুবিধা।
ভবনটিতে দুটি বিশেষায়িত জীবাণুমুক্ত অস্ত্রোপচার কক্ষ, একটি ক্যাথেটারাইজেশন ল্যাব, দুটি এমআরআই ও দুটি সিটি স্ক্যান মেশিন স্থাপন করা হয়েছে। রয়েছে ৬২টি কৃত্রিম শ্বাস-প্রশ্বাস যন্ত্র, পৃথক অক্সিজেন প্ল্যান্ট, আধুনিক জীবাণুমুক্তকরণ ব্যবস্থা ও চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা সুবিধা।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান বলেন, শয্যাসংকটের কারণে বর্তমানে অনেক রোগীকে ভর্তি করা সম্ভব হয় না। নতুন ৫০০ শয্যা চালু হলে আরও বেশি রোগীকে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে এবং রোগী ফেরত দেওয়ার প্রয়োজন কমবে।
তিনি জানান, ২০০৬ সালের ২৩ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তাঁর জন্মদিনে তাঁর ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন ভবনটি উদ্বোধন করবেন।