ঢাকা
১৫ আগস্ট ২০২৬
শিরোনাম
হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ৯০২ ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগ, এজাহারে নেই রংমিস্ত্রি বাবুলের নাম ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে : দীনেশ ত্রিবেদী ৯ শ্রমিকের মৃত্যুর কারণ অতিরিক্ত হাইড্রোজেন সালফাইড খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায় : মির্জা ফখরুল বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান উদ্বোধন প্রধানমন্ত্রীর স্বর্ণালঙ্কারের দাম ভরিতে বাড়ল ২ হাজার ১৫৮ টাকা নিউরোসায়েন্সেস হাসপাতালে নতুন ৫০০ শয্যা, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ দেশের ৭ অঞ্চলে আজ ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬   ১০ বার পঠিত
দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

ছবি: -সংগৃহীত

দক্ষিণ সুদান ও আবেইয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত বাংলাদেশি শান্তিরক্ষীদের কার্যক্রম, নিরাপত্তা পরিস্থিতি ও বিভিন্ন চ্যালেঞ্জ সরেজমিনে পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পাঁচ দিনের সরকারি সফর শেষে শুক্রবার দেশে ফেরেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সফরের সময় সেনাপ্রধান দক্ষিণ সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোম্পানি, পদাতিক ব্যাটালিয়ন এবং বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট পরিদর্শন করেন। একই সঙ্গে আবেইয়ে দায়িত্ব পালনরত বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক ব্যাটালিয়নের কার্যক্রমও পর্যবেক্ষণ করেন তিনি।

মিশন এলাকায় বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে মতবিনিময়ের সময় জেনারেল ওয়াকার-উজ-জামান তাদের দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দেন। পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়ার ওপরও তিনি জোর দেন।

সফরকালে সেনাবাহিনী প্রধান জাতিসংঘের দক্ষিণ সুদান মিশন ইউএনএমআইএসএস এবং আবেই মিশন ইউএনআইএসএফএ-তে কর্মরত বাংলাদেশি স্টাফ অফিসার, সামরিক পর্যবেক্ষক ও কন্টিনজেন্ট সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন। এ সময় তিনি মিশনগুলোর বর্তমান পরিস্থিতি, বাংলাদেশি সদস্যদের কার্যক্রম এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে বিস্তারিত অবহিত হন।

জাতিসংঘের দুই মিশনের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন সেনাপ্রধান। তিনি ইউএনএমআইএসএস-এর ফোর্স কমান্ডার মেজর জেনারেল জুনহুই উ এবং ইউএনআইএসএফএ-এর ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল গণেশ কুমার শ্রেষ্ঠার সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন। এসব বৈঠকে মিশনের সামগ্রিক কার্যক্রম, নিরাপত্তা পরিস্থিতি এবং শান্তিরক্ষীদের সামনে থাকা আভিযানিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।

আবেইয়ে সেনাবাহিনী প্রধান মিশন লিডারশিপ টিমের সদস্য এবং সুদান ও দক্ষিণ সুদানের ন্যাশনাল মনিটরদের সঙ্গেও বৈঠক করেন। সেখানে শান্তিরক্ষা কার্যক্রমের বাস্তব পরিস্থিতি এবং সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ও সমন্বয়ের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।

সফরের শেষ পর্যায়ে দক্ষিণ সুদানের প্রতিরক্ষা মন্ত্রী চোল থন বালোক এবং দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল সান্তিনো ডেং ওয়োলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জেনারেল ওয়াকার-উজ-জামান। বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা ও শান্তিরক্ষা কার্যক্রমসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় দক্ষিণ সুদান প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে আনুষ্ঠানিক গার্ড অব অনার দেওয়া হয়।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031