https://timenewsbangla.com

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহের দ্বিতীয়ার্ধে ভারত সফরে যেতে পারেন। সফরটি হলে প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে তাঁর প্রথম ভারত সফর। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সম্ভাব্য সফরকে সামনে রেখে ঢাকা ও নয়াদিল্লিতে প্রস্তুতি শুরু হয়েছে।
দুই দিনের সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা রয়েছে। এতে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা, আঞ্চলিক নিরাপত্তা ও পানি বণ্টনসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় আলোচনায় আসতে পারে। তবে সফরের তারিখ ও কর্মসূচি এখনও চূড়ান্ত হয়নি।
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টিও আলোচনায় আসতে পারে। ২০২৪ সালের আগস্ট থেকে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকা আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। ভারত জানিয়েছে, বিষয়টি আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় পর্যালোচনা করা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে দুই দেশের কূটনৈতিক যোগাযোগ বেড়েছে। গত ১০ আগস্ট ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। এর আগে এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন।
সম্ভাব্য সফরে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়টিও গুরুত্ব পেতে পারে। ১৯৯৬ সালের চুক্তিটির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা।
তবে সফরেই সব বিরোধের সমাধান হবে—এমন প্রত্যাশা নেই। সরাসরি মোদি-তারেক বৈঠকের মাধ্যমে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার পাশাপাশি জটিল বিষয়গুলো নিয়ে রাজনৈতিক পর্যায়ে আলোচনার সুযোগ তৈরি হতে পারে।