https://timenewsbangla.com

গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে সরকারের ছয় মাসের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা নিশ্চিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়া সরকারের ১৮০ দিনের কার্যক্রমে জনগণের প্রতি জবাবদিহি, স্বচ্ছতা ও দায়বদ্ধতার প্রতিফলন ঘটেছে।
তিনি সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে বলেন, ১৩ লাখ কৃষক পরিবারের ঋণ মওকুফ, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও প্রবাসী কার্ড চালু, ধর্মীয় ব্যক্তিদের সম্মানী ভাতা এবং খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি পুনরুজ্জীবিত করা হয়েছে।
এ ছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিত করা, অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া পরিশোধে ২ হাজার কোটি টাকা ছাড়, শিক্ষা ও পরিবহন খাতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে রাজনৈতিক হয়রানিমুক্ত পুলিশ ও প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার দাবি করে মাহদী আমিন বলেন, আলোচিত মামলাগুলোর দৃশ্যমান অগ্রগতি হয়েছে এবং শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ নীতির ভিত্তিতে সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করছে।