ঢাকা
১৭ আগস্ট ২০২৬

১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সোমবার, ১৭ আগস্ট ২০২৬   ৫ বার পঠিত
১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

গত ছয় মাস বা ১৮০ দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণ কতটা সন্তুষ্ট, সেটি জনগণই মূল্যায়ন করবে। তবে সরকারের দৃষ্টিতে গত ছয় মাসে পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতিকে আরও সুসংহত করতে কিছুটা সময় প্রয়োজন।

তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর প্রথম ১৮০ দিনে সরকার বিভিন্ন সংস্কার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম এবং জনকল্যাণমূলক নানা উদ্যোগ বাস্তবায়ন করেছে। একই সময়ে সরকারকে বৈশ্বিক ও অভ্যন্তরীণ বিভিন্ন সংকট মোকাবিলা করতে হয়েছে।

জ্বালানি সংকট প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি ও গ্যাস সংকট তৈরি হলেও সরকার তাৎক্ষণিকভাবে দেশে জ্বালানি তেলের দাম বাড়ায়নি। বোরো মৌসুমে কৃষকদের স্বার্থ বিবেচনায় প্রায় এক মাস মূল্যবৃদ্ধি স্থগিত রাখা হয়। পরে সহনীয় মাত্রায় দাম সমন্বয় করা হয়েছে।

গ্যাস সংকট প্রসঙ্গে তিনি বলেন, আগের সরকারের রেখে যাওয়া দীর্ঘদিনের সংকট রাতারাতি সমাধান সম্ভব নয়। দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সংকট মোকাবিলায় সরকার কাজ করছে। মাতারবাড়ীতে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি একাধিক ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে জরিপ চলছে।

আমদানিনির্ভরতা কমাতে দেশের স্থলভাগ ও সমুদ্র এলাকায় নতুন গ্যাস অনুসন্ধান কার্যক্রমও শুরু হয়েছে বলে জানান তিনি। তাঁর আশা, আগামী কয়েক বছরের মধ্যে গ্যাস সংকটের একটি টেকসই সমাধান পাওয়া যাবে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথম মন্ত্রিসভা বৈঠকেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়া হচ্ছে। বিভিন্ন ধর্মের ধর্মীয় কর্মকর্তা এবং ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানী দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।

খাদ্য নিরাপত্তার বিষয়েও সরকারের সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, সঠিক নীতি ও সময়োপযোগী সিদ্ধান্তের ফলে দেশে শক্তিশালী ও নিরাপদ খাদ্য মজুদ গড়ে তোলা সম্ভব হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারের প্রথম ১৮০ দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের অর্জন ও অগ্রগতির সমন্বিত বিবরণী শিগগিরই প্রধানমন্ত্রীর প্রেস উইং অথবা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর থেকে গণমাধ্যমে প্রকাশ করা হবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031