https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
রোহিঙ্গা সংকট বাংলাদেশের পরিবেশ ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই সঙ্গে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় মাদক পাচার, চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপরাধও বাড়ছে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) অডিটোরিয়ামে ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এসব কথা বলেন।
দেশের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, রোহিঙ্গা সংকটের পাশাপাশি সীমান্ত সমস্যা, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিভিন্ন ইস্যু, পার্বত্য চট্টগ্রামের সমস্যা ও বিদ্রোহ এবং জ্বালানি সংকটও দেশের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে আছে।
তিনি বলেন, এসব সমস্যার সমাধান একদিনে সম্ভব নয়। জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ জ্ঞান বিনিময়ের মাধ্যমে সমস্যাগুলো মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
সেনাপ্রধান বলেন, ন্যাশনাল ডিফেন্স কলেজের ক্যাপস্টোন কোর্সে বিভিন্ন পেশার ৩৭ জন অংশগ্রহণকারী ছিলেন। অধ্যাপক, চিকিৎসক, বিচারক, আইনজীবীসহ বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞ ব্যক্তিদের অংশগ্রহণে এখানে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে।
দেশের নীতি ও আইন প্রণয়ন এবং বিভিন্ন সমস্যা সমাধানে অভিজ্ঞ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজ নিজ ক্ষেত্রে অর্জিত জ্ঞান ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখা সম্ভব।
বিভিন্ন পেশার মানুষের মধ্যে তৈরি হওয়া পারস্পরিক সম্পর্কের গুরুত্বও তুলে ধরেন জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, ভিন্ন পেশা, দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতার মানুষ একসঙ্গে কাজ করলে একটি সমন্বিত শক্তি তৈরি হয়, যা জাতীয় উন্নয়ন ও নিরাপত্তার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে এনডিসির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে ধারাবাহিক সংলাপ ও ঐকমত্য গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
ক্যাপস্টোন কোর্সটি কৌশলগত সচেতনতা বৃদ্ধি, গঠনমূলক চিন্তার বিকাশ, বিভিন্ন খাতের মধ্যে সহযোগিতা জোরদার এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ে অভিন্ন দৃষ্টিভঙ্গি তৈরির লক্ষ্যে পরিচালিত হয়। সমাপনী অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।