https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দেশে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রশাসনিক জটিলতা কমানো, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং বিনিয়োগকারীদের এক ছাতার নিচে সমন্বিত সেবা দিতে কার্যকর হয়েছে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’।
১৬ জুলাই জাতীয় সংসদে পাস হওয়া ও রাষ্ট্রপতির সম্মতি পাওয়া আইনটি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে ২০ আগস্ট থেকে কার্যকর করা হয়েছে।
নতুন এই আইনের মাধ্যমে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আইন ২০১৬, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন ২০১০, বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারত্ব আইন ২০১৫ এবং ওয়ান স্টপ সার্ভিস আইন ২০১৮ বাতিল করা হয়েছে। একই সঙ্গে বিলুপ্ত করা হয়েছে বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ)।
তিন সংস্থার প্রশাসনিক কার্যক্রম, সম্পদ, দায়-দেনা, চুক্তি, মামলা এবং কর্মকর্তা-কর্মচারীদের একীভূত করে ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ (আইবি) নামে নতুন বিনিয়োগ সমন্বয়কারী সংস্থা গঠন করা হয়েছে।
নতুন আইনের আওতায় কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের সভাপতি থাকবেন প্রধানমন্ত্রী। বোর্ডে অর্থ, শিল্প, বাণিজ্য, পররাষ্ট্র, বিদ্যুৎ ও জ্বালানি, ভূমি এবং আইন মন্ত্রণালয়ের মন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং বেসরকারি খাতের চারজন প্রতিনিধি থাকবেন। বেসরকারি খাতের প্রতিনিধিদের মধ্যে দুজন নারী থাকবেন।
এ ছাড়া কর্তৃপক্ষের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় একজন চেয়ারম্যান ও সাতজন সদস্য দায়িত্ব পালন করবেন।