https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলামের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। পররাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনায় সহায়তার জন্য এ দায়িত্ব বণ্টন করা হয়েছে।
রোববার এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদন রয়েছে।
পরিপত্র অনুযায়ী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হিসেবে হুমায়ুন কবির দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বিষয়, অনাবাসী বাংলাদেশিদের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় এবং পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া অন্যান্য দায়িত্ব দেখভাল করবেন।
অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি এবং এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণসংক্রান্ত বিষয় দেখবেন।
এ ছাড়া তার দায়িত্বের মধ্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, সমুদ্র আইন ও সম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতিও রয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা ও তত্ত্বাবধানে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনায় সহায়তা করার লক্ষ্যেই দুই প্রতিমন্ত্রীর মধ্যে এসব দায়িত্ব বণ্টন করা হয়েছে।