https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র বিশেষ পর্বে আজ আবারও পর্দায় দেখা যাবে প্রয়াত দুই গুণী অভিনেতা এ টি এম শামসুজ্জামান ও মাসুদ আলী খানকে। তাদের অভিনীত অংশটি বিশেষভাবে দর্শকদের কাছে গুরুত্ব পাচ্ছে, কারণ এটি দুজনের জীবনের শেষ অভিনয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ টেলিভিশনে বাংলা সংবাদের পর প্রচার হবে বিশেষ এই পর্ব। এটি নতুন পর্ব নয়; বিভিন্ন সময়ে প্রচারিত ‘ইত্যাদি’র দর্শকপ্রিয় অংশ নিয়ে সাজানো হয়েছে আয়োজনটি।
বিশেষ পর্বের একটি উল্লেখযোগ্য অংশ ধারণ করা হয়েছিল ২০১৯ সালের নভেম্বরে বান্দরবানের নীলাচল ও টাইগার হিলে। সেখানে পাহাড়ি প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাপন, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়েছে।
এই পর্বের নাট্যাংশে একসঙ্গে অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান ও মাসুদ আলী খান। প্রয়াত দুই অভিনেতাকে আবারও পর্দায় একসঙ্গে দেখার সুযোগ দর্শকদের জন্য নিঃসন্দেহে আবেগঘন হয়ে উঠবে।
এ ছাড়া বান্দরবানের ইতিহাস, ঐতিহ্য ও দর্শনীয় স্থান নিয়ে থাকছে বিভিন্ন প্রতিবেদন। থাকছে বয়স্ক ভাতা কার্যক্রম, ফুলছড়ির একটি শিক্ষাবিষয়ক প্রতিবেদন এবং সমুদ্রসৈকত রক্ষায় সচেতনতামূলক আয়োজন।
গান পরিবেশন করবেন আঁখি আলমগীর ও মান মণ সিং। ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি শিল্পীদের অংশগ্রহণে শতাধিক শিল্পীর নৃত্যও থাকছে বিশেষ পর্বে।
নিয়মিত আয়োজনের মতো এবারও থাকবে ব্যঙ্গাত্মক নাট্যাংশ, ‘নানি-নাতি’, ‘মামা-ভাগ্নে’, দর্শকদের নিয়ে বিভিন্ন আয়োজন ও চিঠিপত্রের পর্ব।