https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
পোস্টার প্রকাশের পর থেকেই আলোচনায় থাকা রায়হান রাফীর ভৌতিক সিনেমা ‘আন্ধার’র টিজার প্রকাশ পেয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় প্রকাশিত এক মিনিট ২৬ সেকেন্ডের টিজারে উঠে এসেছে ভয়, রহস্য, মৃত্যু ও কালোজাদুর আবহ।
টিজারের শুরুতেই আয়নার সামনে এক নারীকে ঘিরে দেখা যায় অস্বস্তিকর দৃশ্য। এরপর বাথটাবে পড়ে থাকা মরদেহ, রক্তমাখা হাত, অন্ধকার জঙ্গলে রহস্যময় অবয়ব এবং কালোজাদুর নানা আচারের দৃশ্য দর্শকদের কৌতূহল বাড়িয়েছে।
নাজিফা তুষীকে দেখা গেছে রহস্যময় ও বিপর্যস্ত এক নারীর চরিত্রে। তাকে ঘিরে থাকা অশুভ শক্তি ও কালোজাদুর ইঙ্গিত গল্পের রহস্য আরও ঘনীভূত করেছে।
অন্যদিকে সিয়াম আহমেদের চরিত্র নিয়ে টিজারে রাখা হয়েছে বড় ধরনের ধোঁয়াশা। কখনো তাকে মরদেহের সামনে চিন্তামগ্ন, আবার কখনো অ্যাকশন দৃশ্যে দেখা গেছে। টিজারের শেষদিকে তার জ্বলজ্বলে নীল চোখের চাহনি চরিত্রটির পরিচয় নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।
টিজারে গাজী রাকায়েত ও চঞ্চল চৌধুরীকেও স্বল্প সময়ের জন্য দেখা গেছে। তবে তাদের উপস্থিতিতেও রহস্যের আবহ অটুট রয়েছে।
শাকিব চৌধুরী, বেজবাবা সুমন ও আদনান আদিব খানের গল্পে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী। এতে সিয়াম আহমেদ, নাজিফা তুষী, চঞ্চল চৌধুরী, মোস্তফা মনওয়ার, ফররুখ আহমেদ রেহান, আফসানা মিমি, গাজী রাকায়েত ও তানজিকা আমিনসহ আরও অনেকে অভিনয় করেছেন।
টিজার প্রকাশের সঙ্গে সিনেমাটির মুক্তির সময়ও জানানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আন্ধার’।