https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
অ্যাকশন ও থ্রিলারনির্ভর সিরিজের ভিড়ে গ্রামীণ জীবনের সহজ-সরল গল্প নিয়ে দর্শকের আলাদা জায়গা করে নিয়েছে ভারতীয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’। দীপক কুমার মিশ্র পরিচালিত সিরিজটির চারটি সিজন ইতোমধ্যে দর্শকদের ব্যাপক প্রশংসা পেয়েছে। সিরিজের সচিব, প্রধানজি, প্রহ্লাদ চা, বনরাকস ও বিকাশসহ বিভিন্ন চরিত্রও জনপ্রিয়তা পেয়েছে।
এবার ‘পঞ্চায়েত’ নিয়ে দর্শকদের জন্য দুটি সুখবর জানিয়েছেন নির্মাতা দীপক কুমার মিশ্র। প্রথম সুখবর হলো, সিরিজটির পঞ্চম সিজনের সম্পাদনার কাজ চলছে। মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত না হলেও চলতি বছরের অক্টোবর কিংবা নভেম্বরে এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।
দ্বিতীয় সুখবর আরও বড়। পঞ্চম সিজনেই শেষ হচ্ছে না ফুলেরা গ্রামের গল্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপক কুমার মিশ্রকে প্রশ্ন করা হয়, পঞ্চম সিজনেই কি ‘পঞ্চায়েত’-এর গল্প শেষ হয়ে যাবে? জবাবে তিনি জানান, এমন কোনো পরিকল্পনা এখনো তাদের নেই। অর্থাৎ, ভবিষ্যতে আরও সিজন নিয়ে কাজ করার সম্ভাবনা রয়েছে।
নির্মাতার ভাষ্য অনুযায়ী, পঞ্চম সিজনে সিরিজের প্রায় সব চরিত্রের জীবনেই পরিবর্তন দেখা যাবে। নির্বাচনের পর ফুলেরা গ্রামের পরিস্থিতি কী দাঁড়ায়, পরাজিত প্রধানজির জীবন কোন দিকে এগোয়—এসব বিষয় উঠে আসবে নতুন সিজনে। পাশাপাশি সচিবের গল্পও আরও বিস্তৃত হবে।
‘পঞ্চায়েত’-এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, চন্দন রায়, ফয়সাল মালিক, সানভিকা, অশোক পাঠক, পঙ্কজ ঝা ও দুর্গেশ কুমারসহ অনেকে। সিরিজটি মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে।