https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ভারতের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন দলীয় সংগ্রহের লজ্জায় পড়েছে পাকিস্তান নারী ক্রিকেট দল। মাত্র ৫৫ রানে অলআউট হয়ে তারা হেরেছে ৭ উইকেটে।
এর আগে টি-টোয়েন্টিতে পাকিস্তানের মেয়েদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ ছিল ৫৬ রান। ২০২৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে অলআউট হয়েছিল তারা। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেল ফাতিমা সানার দল।
পাকিস্তানের হয়ে ভারতের বিপক্ষে ম্যাচে সর্বোচ্চ ১৪ রান করেন শাওয়াল জুলফিকার। মুনিবা আলি করেন ১৩ রান। এ দুজন ছাড়া দলের আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ১৮.১ ওভারে মাত্র ৫৫ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।
ভারতের বোলারদের মধ্যে শ্রী চরনি ও প্রেমা রাওয়াত তিনটি করে উইকেট নেন। পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়ের পর ভারতের জয় পেতে খুব বেশি সময় লাগেনি। ১৩ রানে শেফালি ভার্মা ও ১৮ রানে প্রতিকা রাওয়ালকে হারালেও পরে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে ভারত। স্মৃতি মান্ধানা আউট হওয়ার পরও জয়ের পথে কোনো সমস্যায় পড়তে হয়নি তাদের।
শেষ পর্যন্ত ৬৮ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় ভারত। বলের হিসাবে এটি ভারতের চতুর্থ বড় জয়। একই সঙ্গে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়।
টি-টোয়েন্টিতে পাকিস্তানের আগের সর্বনিম্ন দলীয় সংগ্রহগুলোর মধ্যে রয়েছে ২০০৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৬০, ২০১২ সালের এশিয়া কাপে ভারতের বিপক্ষে ৬৩, ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৫ এবং ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৭২ রান।
নারীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অবশ্য এর চেয়েও বড় ব্যাটিং বিপর্যয়ের নজির রয়েছে। বাংলাদেশের বিপক্ষে মালদ্বীপ মাত্র ৬ রানে অলআউট হয়েছিল, আর রুয়ান্ডার বিপক্ষে মালিও একই সংগ্রহে গুটিয়ে যায়।