ইউক্রেন যুদ্ধের অবসানে সাময়িক যুদ্ধবিরতির পরিবর্তে স্থায়ী সমাধান চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ জন্য রাশিয়া ও ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ইউরোপের সামগ্রিক নিরাপত্তা কাঠামো নিয়েও আলোচনার প্রয়োজন বলে মনে করেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রুশ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন এসব কথা বলেন। এর এক দিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেন তিনি। সাক্ষাৎকারে পুতিন জানান, আগামী মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেনের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত মস্কো।
পুতিন বলেন, বিভিন্ন বিষয়ে আলোচনা ইতিবাচক ফল বয়ে আনতে পারে। তবে রাশিয়া কেবল স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি নয়, সংঘাতের স্থায়ী সমাধান চায়। তাঁর মতে, চূড়ান্ত শান্তিচুক্তির পর উভয় দেশের নিরাপত্তা নিশ্চিত করাই আলোচনার অন্যতম লক্ষ্য হওয়া উচিত।
তিনি আরও জানান, ইউরোপের সামগ্রিক নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনার প্রয়োজনীয়তার বিষয়ে উইটকফের সঙ্গে তাঁর মতৈক্য হয়েছে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও আলোচনায় বসার প্রস্তুতির কথা জানিয়েছেন। মঙ্গলবার নরওয়েতে উইটকফের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, আগামী মাসের শুরুর দিকে আলোচনা হতে পারে।
জেলেনস্কি জানান, যুদ্ধবিরতি, সংঘাতের অবসান, জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ এবং মানবিক উদ্যোগের মতো প্রস্তাবগুলোকে সমর্থন করে ইউক্রেন।
তবে শান্তি আলোচনায় বড় বাধা হয়ে রয়েছে ভূখণ্ডের নিয়ন্ত্রণ। রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাসের পুরো এলাকা ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে আসছে। অন্যদিকে, বর্তমানে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড ছেড়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কিয়েভ।
এর আগে ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আলোচনা এগিয়ে নেওয়ার প্রচেষ্টা থমকে যায়। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরুর পর গত ফেব্রুয়ারিতে সেই উদ্যোগ বাধার মুখে পড়ে।
এখন নতুন করে আলোচনা শুরুর সম্ভাবনা তৈরি হলেও ভূখণ্ড ও নিরাপত্তার প্রশ্নে দুই পক্ষ কতটা সমঝোতায় পৌঁছাতে পারবে, সেটিই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

মন্তব্য করুন