https://timenewsbangla.com

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল না করলে পরে আর সেই সুযোগ থাকে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন সবার জন্য সমান—পলাতক মাওলানা আবুল কালাম আজাদ হোক কিংবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রায়ের পর নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে হবে।
চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালের আইন অনুযায়ী রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করতে হয়। এই সময়ের মধ্যে আপিল না করলে তা আর গ্রহণযোগ্য হবে না। আসামি পলাতক থাকুক বা কারাগারে থাকুক—আইনের এই বিধান সবার ক্ষেত্রেই প্রযোজ্য।
তিনি জানান, মাওলানা আবুল কালাম আজাদকে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছিল। দীর্ঘদিন দেশে না থাকায় তিনি নির্ধারিত সময়ে আপিল করেননি। সম্প্রতি তার মামলাটি নিয়ে আপিল বিভাগে শুনানি হলেও আদালত এখনো তার আপিল গ্রহণ করেনি।
আমিনুল ইসলামের ভাষ্য, বর্তমানে আপিল বিভাগের সামনে এ বিষয়ে কোনো বিচারিক কার্যক্রমও চলমান নেই। আবুল কালাম আজাদের আইনজীবীরাও বিষয়টি আইনগতভাবে উপলব্ধি করেছেন বলেই পরবর্তী পদক্ষেপ নেননি বলে মনে করেন তিনি।