https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ কেজি সোনা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার সোয়েব কাজী সজিবকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
রোববার (৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন এ আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) শরীফ হোসেন সজিবকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক সোনা চোরাচালান চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ করা হয়েছে।
অন্যদিকে সজিবের আইনজীবী মো. শহিদুল ইসলাম রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তথ্য অনুযায়ী, গত ৫ সেপ্টেম্বর দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশি চালানো হয়। এ সময় নিরাপত্তাকর্মীদের উপস্থিতি টের পেয়ে সজিব শরীরে লুকিয়ে রাখা সোনার বার কেবিনে ফেলে দেন। পরে সেখান থেকে ১২০টি সোনার বার উদ্ধার করা হয়।
উদ্ধার করা সোনার পরিমাণ ১৩ হাজার ৯৯২ গ্রাম বা প্রায় ১৪ কেজি। এগুলো ২৪ ক্যারেটের সোনা, যার আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি ২০ লাখ টাকা। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।