https://timenewsbangla.com

ব্যাংকিং খাতে নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সরকারি-বেসরকারি ব্যাংকের এন্ট্রি পর্যায়ের কোনো পদে লিখিত ও মৌখিক পরীক্ষা ছাড়া নিয়োগ দেওয়া যাবে না।
সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ-সংক্রান্ত সার্কুলার জারি করে।
নতুন নিয়ম অনুযায়ী, ম্যানেজমেন্ট ট্রেইনি, প্রবেশনারি অফিসার ও ক্যাশ অফিসারের মতো পদে নিয়োগ বিজ্ঞপ্তি অন্তত দুটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকে প্রকাশ করতে হবে। লিখিত বা অনলাইন মূল্যায়ন ও মৌখিক পরীক্ষার নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করে সেখান থেকেই নিয়োগ দিতে হবে।
এ ছাড়া ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীর শিক্ষাগত সনদ ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে শতভাগ যাচাই করতে হবে।
চাকরির সময় বা নিয়োগের ক্ষেত্রে কারও সনদ জাল প্রমাণিত হলে কঠোর প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি তার তথ্য বাংলাদেশ ব্যাংকের সিএমএমএস ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হবে। ফলে ভবিষ্যতে অন্য কোনো ব্যাংকেও তার চাকরির সুযোগ থাকবে না।
এ ছাড়া আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে ব্যাংকগুলোকে পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে সমন্বিত মানবসম্পদ ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন বা হালনাগাদ করতে বলা হয়েছে।