আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ আমদানির অনুমতি চেয়েছে ভারতের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন। এ জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ে পৃথক চিঠি দিয়েছে সংগঠনটি।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ভারতের ব্যবসায়ীদের আবেদন ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে। তবে কত পরিমাণ ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
ইতোমধ্যে বাংলাদেশের ১৮টি প্রতিষ্ঠান ভারতে ইলিশ রপ্তানির জন্য আবেদন করেছে। এসব আবেদন যাচাইয়ের জন্য বুধবার (৯ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে চিঠি দেবে বাণিজ্য মন্ত্রণালয়।
বাণিজ্যসচিব আতাউর রহমান খান বলেন, ভারতীয় ব্যবসায়ীদের চিঠি পাওয়া গেছে। কত পরিমাণ ইলিশ রপ্তানি করা সম্ভব, তা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে।
ভারতীয় ব্যবসায়ীদের চিঠিতে বলা হয়েছে, ১৯৯৬ সালের পর থেকে প্রতিবছর গড়ে ৫ হাজার টন ইলিশ ভারতে রপ্তানি হতো। ২০১২ সালের পর তা বন্ধ হয়ে যায়। পরে ২০১৯ সাল থেকে দুর্গাপূজা উপলক্ষে সীমিত পরিমাণে ইলিশ রপ্তানির বিশেষ অনুমতি দেওয়া হচ্ছে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে ৪ হাজার ৬০০ টন অনুমোদনের বিপরীতে রপ্তানি হয় ১ হাজার ২০০ টন। ২০২২ ও ২০২৩ সালে অনুমোদিত ২ হাজার ৯০০ ও ৩ হাজার ৯৫০ টনের বিপরীতে উভয় বছরই ১ হাজার ৩০০ টন করে রপ্তানি হয়। ২০২৫ সালে ২ হাজার ৪২০ টনের অনুমোদনের বিপরীতে যায় ৫৭৭ টন। সর্বশেষ ১ হাজার ২০০ টনের অনুমোদন থাকলেও রপ্তানি হয়েছে মাত্র ১৫০ টন।

মন্তব্য করুন