মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, সৌদি আরবের প্রয়োজন হলে বিশেষ করে সামরিক প্রযুক্তিগত ক্ষেত্রে সহায়তা দিতে প্রস্তুত আঙ্কারা।

গত ৭ আগস্ট পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের নেতারা পবিত্র নগরী মক্কায় প্রতিরক্ষা সহযোগিতাসংক্রান্ত ওই চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করার কথা বলা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে হাকান ফিদান বলেন, সৌদি আরবের ভৌগোলিক অখণ্ডতার ওপর গুরুতর হামলা হচ্ছে। দেশটির সঙ্গে তুরস্কের চুক্তি রয়েছে এবং সৌদি আরবের সামরিক সহায়তার প্রয়োজন হলে তা দিতে আঙ্কারার কোনো সমস্যা নেই।

এর আগে শনিবার হুথি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার দাবি করে। পাশাপাশি সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর কয়েকটি স্থাপনাও হামলার লক্ষ্য ছিল বলে জানায় তারা।

হামলার পর রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে আকাশে ব্যাপক কালো ধোঁয়া দেখা যায়। পরে জানা যায়, বিমানবন্দরের কাছে আরামকোর একটি ডিপোতে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ওই ডিপোতে বিমানের জ্বালানি বা জেট ফুয়েল সংরক্ষণ করা হতো।

হামলার প্রভাবে রিয়াদের বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়। বেশ কয়েকটি ফ্লাইট বাতিল এবং আরও বহু ফ্লাইট বিলম্বিত হওয়ার খবর পাওয়া যায়।