মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর দেওয়া ৫০০ পৃষ্ঠার রায়টি রোববার (২০ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার প্রসিকিউটর ফারুক আহাম্মদ।
এর আগে গত ৫ জুন ট্রাইব্যুনাল ইনুকে তিনটি অভিযোগে ১০ বছর করে মোট ৩০ বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় তা সরাসরি সম্প্রচার করা হয়েছিল।
মামলায় ২০২৪ সালের কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী আন্দোলন দমনে উসকানি, নির্দেশনা, সহায়তা এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগে ভূমিকার অভিযোগ আনা হয়। অভিযোগের মধ্যে কুষ্টিয়ায় আন্দোলন দমনে পুলিশকে নির্দেশ দেওয়ার বিষয়টিও রয়েছে।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই ইনু কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের ছবি দেখে তালিকা তৈরি এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর কুষ্টিয়ায় আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয় এবং এতে ছয়জন নিহত হন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
নিহতদের মধ্যে ছিলেন শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন ও মো. উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী এবং চাকরিজীবী ইউসুফ শেখ।
এ ছাড়া আন্দোলন চলাকালে বিভিন্ন সময়ে গণমাধ্যমে দেওয়া বক্তব্য, ১৪ দলীয় জোটের বৈঠকে অংশগ্রহণ এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের মাধ্যমে আন্দোলন দমনে সহায়তা ও উসকানির অভিযোগও মামলায় আনা হয়।
মামলায় ইনুকে একমাত্র আসামি করা হয়। তাঁর বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র ছিল ৩৯ পৃষ্ঠার। এর সঙ্গে ১ হাজার ৬৭৯ পৃষ্ঠার নথি, তিনটি অডিও এবং ছয়টি ভিডিও ডকুমেন্ট সংযুক্ত ছিল।
রায়ে ট্রাইব্যুনাল তিন অভিযোগে পৃথকভাবে ১০ বছর করে কারাদণ্ড দেন। ইনুর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী এবং প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।


মন্তব্য করুন