২০২৬-২৭ অর্থবছরে ভারতের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়েছে আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থা মুডিস রেটিংস। সংস্থাটি আগের ৬ শতাংশ পূর্বাভাস থেকে বাড়িয়ে এবার ৭ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।
১৮ সেপ্টেম্বর প্রকাশিত নিয়মিত পর্যালোচনায় মুডিস জানায়, মধ্যপ্রাচ্য সংঘাতসহ বিভিন্ন আন্তর্জাতিক ঝুঁকি সত্ত্বেও ভারতের অর্থনীতি প্রত্যাশার তুলনায় স্থিতিশীল রয়েছে। মূলত শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদা অর্থনীতির প্রবৃদ্ধিকে সহায়তা করছে।
সংস্থাটির মতে, সাধারণ মানুষের ব্যক্তিগত ভোগব্যয়, সরকারি অবকাঠামো খাতে ধারাবাহিক বিনিয়োগ এবং স্থায়ী মূলধন গঠনের গতি ভারতের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। একই সঙ্গে বেসরকারি বিনিয়োগে পুনরুদ্ধারের সম্ভাবনা এবং সেবা খাতের শক্তিশালী কার্যক্রমও প্রবৃদ্ধির পক্ষে ভূমিকা রাখছে।
মুডিসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে ভারতের প্রকৃত জিডিপি ৮ দশমিক ২ শতাংশ হারে বেড়েছে। ২০২৫ সালে প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ৩ শতাংশ। আর ২০২৫-২৬ অর্থবছরে অর্থনীতি ৭ দশমিক ৭ শতাংশ হারে বেড়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
মুডিসের নতুন পূর্বাভাস আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস এবং ভারতের রিজার্ভ ব্যাংকের পূর্বাভাসের চেয়ে বেশি। আইএমএফ ৬ দশমিক ৪ শতাংশ, এসঅ্যান্ডপি ৬ দশমিক ৬ শতাংশ এবং রিজার্ভ ব্যাংক ৬ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।
তবে জ্বালানির দাম দীর্ঘসময় বেশি থাকলে ভারতের আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি বাড়তে পারে বলে সতর্ক করেছে মুডিস। মধ্যপ্রাচ্য সংঘাত দীর্ঘায়িত হলে সরকারি ভর্তুকির ব্যয়ও বাড়তে পারে। পাশাপাশি প্রতিরক্ষা ও অবকাঠামো খাতে বাড়তি সরকারি ব্যয় আর্থিক ঘাটতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে চাপ তৈরি করতে পারে।

মন্তব্য করুন