রাশিয়ার রাজধানী মস্কো ও পার্শ্ববর্তী মস্কো অঞ্চলে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। স্থানীয় সময় শনিবার মধ্যরাতে চালানো এ হামলায় অন্তত দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রি বোরোবভ এ তথ্য জানিয়েছেন।

গভর্নরের দেওয়া তথ্য অনুযায়ী, মস্কো অঞ্চলের দিকে ছোড়া ইউক্রেনের ২৪৯টি ড্রোন রুশ বাহিনী ভূপাতিত করেছে। তবে কয়েকটি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। এতে কয়েকটি আবাসিক ভবনে আগুন ধরে যায়। একটি স্থানীয় গুদামেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সোফিয়ানো এলাকায় একটি তিনতলা আবাসিক ভবনে ড্রোন আঘাত হানলে ৪৪ বছর বয়সী এক নারী নিহত হন। ওই ঘটনায় ভবনটিতে থাকা আরও পাঁচজন আহত হয়েছেন। অন্যদিকে, ওরেখোভো-জুয়েভো জেলায় পৃথক ঘটনায় এক বৃদ্ধ নিহত হন।

মস্কোর মেয়র সের্গেই সোবায়নিন জানান, রাজধানীর বোলভার্দ এলাকায় একটি ভবন এবং একটি তেল পরিশোধনাগার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর দাবি, মস্কোর আকাশে প্রায় ২৫০টি ড্রোন ধ্বংস করা হয়েছে। তিনি এ হামলাকে নজিরবিহীন বলে উল্লেখ করেন।

হামলার পর মস্কোর দুটি বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে সীমিত করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মস্কোর আকাশে ড্রোন বিস্ফোরণের দৃশ্য এবং একটি গুদামে আগুন লাগার ঘটনা দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি।

এর আগে শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভ ও পূর্বাঞ্চলীয় সামি শহরে রুশ হামলায় সাতজন নিহত হন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। এসব হামলায় কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

সাম্প্রতিক সময়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হয়েছে। উভয় পক্ষই জ্বালানি অবকাঠামোসহ গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।