ইয়েমেনে সৌদি আরবের সামরিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে হুথি বিদ্রোহীরা। শনিবার হুথিদের দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে হুথিরা বলেছে, ইয়েমেনের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করে—এমন যেকোনো সৌদি সামরিক তৎপরতার বিরুদ্ধে জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে। নিজেদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি।

সৌদি আরব ও হুথিদের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনা এবং পাল্টাপাল্টি হামলার মধ্যেই এই বিবৃতি এলো। চলতি বছরের শুরু থেকে আঞ্চলিক উত্তেজনা বাড়ার পর সৌদি আরব ও হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোর মধ্যে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটছে।

শনিবার সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি ড্রোন আঘাত হেনেছে। হামলার পর বিমানবন্দর এলাকায় আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এ ঘটনায় বিমানবন্দর থেকে বেশ কয়েকটি ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ বাতিল অথবা বিলম্বিত হয়েছে বলে জানা গেছে।

তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।