বুড়িগঙ্গা নদী থেকে পৃথক দুটি স্থানে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নৌ-পুলিশ জানায়, দুপুরে নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে নৌ-পুলিশের পৃথক দুটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) মর্গে পাঠানো হয়েছে।

বরিশুর নৌ-পুলিশের এএসআই বাবুল মিয়া জানান, দুপুর ১২টার দিকে খবর পেয়ে বেপারিঘাট এলাকার মাঝনদী থেকে আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে।

অন্যদিকে, হাসনাবাদ নৌ-পুলিশ জানায়, দোলেশ্বর খেয়াঘাট এলাকায় নৌকায় নদী পারাপারের সময় স্থানীয়রা পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে আনুমানিক ২৮ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও ফুলহাতা শার্ট। তার শরীরেও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

উদ্ধার হওয়া দুই ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথকভাবে আইনি প্রক্রিয়া চলছে।