বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং অভ্যন্তরীণ মূল্য সমন্বয়ের প্রভাবে বাংলাদেশে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। নতুন নির্ধারিত মূল্যে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। জ্বালানির দাম বাড়ায় পরিবহন ব্যয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে এর প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বাংলাদেশে জ্বালানি তেলের নতুন দাম নিয়ে আলোচনা চলার মধ্যেই দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোতে পেট্রোল ও ডিজেল কত দামে বিক্রি হচ্ছে, তা নিয়েও আগ্রহ তৈরি হয়েছে। সোমবার পর্যন্ত সংশ্লিষ্ট দেশগুলোর সরকারি ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য এবং স্থানীয় মুদ্রার বাংলাদেশি টাকায় আনুমানিক রূপান্তর অনুযায়ী, দেশভেদে জ্বালানির দামে বেশ বড় পার্থক্য রয়েছে।

বাংলাদেশে নতুন দরে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে এসব দাম নির্ধারণ করা হয়েছে।

ভারতে রাজ্যভেদে জ্বালানির দাম আলাদা। দেশটির রাজধানী নয়াদিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ১০২ দশমিক ১২ ভারতীয় রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩১ টাকা। ডিজেলের দাম ৯৫ দশমিক ২০ রুপি বা প্রায় ১২২ টাকা।

পাকিস্তানে ২১ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর দরে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ৩৮৯ দশমিক ১৪ পাকিস্তানি রুপিতে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭২ টাকা। হাই-স্পিড ডিজেলের দাম ৪২৪ দশমিক ০৪ রুপি বা প্রায় ১৮৮ টাকা।

শ্রীলঙ্কায় ৩১ আগস্টের সর্বশেষ সরকারি মূল্যতালিকা অনুযায়ী, প্রতি লিটার পেট্রোলের দাম ৩৯৯ শ্রীলঙ্কান রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪৭ দশমিক ৬ টাকা। অটো ডিজেলের দাম ৩৮২ রুপি বা প্রায় ১৪১ দশমিক ৩ টাকা।

নেপাল অয়েল করপোরেশনের মূল্যতালিকা অনুযায়ী, দেশটিতে প্রতি লিটার পেট্রোল ১৭৫ নেপালি রুপি বা প্রায় ১৪০ দশমিক ৩ টাকা এবং ডিজেল ১৬৫ রুপি বা প্রায় ১৩২ দশমিক ৩ টাকা দরে বিক্রি হচ্ছে।

ভুটানের রাজধানী থিম্পুতে ভর্তুকি-পরবর্তী প্রতি লিটার পেট্রোলের দাম ৯৮ গুলট্রাম, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৫ টাকা। ডিজেলের দাম ৯৮ দশমিক ৩১ গুলট্রাম বা প্রায় ১২৬ টাকা।

মালদ্বীপে রাষ্ট্রীয় মূল্যতালিকা অনুযায়ী, প্রতি লিটার পেট্রোলের দাম ১৬ দশমিক ০১ রুফিয়া, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৮ টাকা। ডিজেলের দাম ১৭ দশমিক ৫৪ রুফিয়া বা প্রায় ১৪০ টাকা।

তবে আফগানিস্তানের ক্ষেত্রে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী পেট্রোল ও ডিজেলের নির্দিষ্ট খুচরা মূল্য সরকারি ওয়েবসাইটে পাওয়া যায়নি। দেশটির সরকারি আফগানিস্তান অয়েল অ্যান্ড গ্যাস করপোরেশনের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজার, সরবরাহ ও পরিবহন ব্যয়, কর এবং বিনিময় হারের মতো বিভিন্ন কারণে দেশটির স্থানীয় বাজারে জ্বালানির দাম পরিবর্তিত হয়।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর জ্বালানি মূল্যের এই তুলনা থেকে দেখা যায়, একই অঞ্চলে থাকলেও কর, ভর্তুকি, আন্তর্জাতিক বাজারের প্রভাব, পরিবহন ব্যয় ও বিনিময় হারের পার্থক্যের কারণে পেট্রোল ও ডিজেলের খুচরা দামে উল্লেখযোগ্য ব্যবধান রয়েছে।