হুথিদের অস্ত্র ও অন্যান্য সহায়তা দেওয়া বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭। একই সঙ্গে সৌদি আরবে হুথিদের হামলাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে সামরিক তৎপরতা ও বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে জোটটি।

সোমবার (২১ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে জি-৭-এর সদস্য কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী ইরানকে হুথিদের অস্ত্রসহ অন্যান্য সহায়তা দেওয়া বন্ধ করতে হবে। একই সঙ্গে ইয়েমেন সংঘাতে জড়িত সব পক্ষকে সামরিক তৎপরতা বন্ধ করে রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।

চলমান সংঘাতের কারণে ইয়েমেনে নতুন করে ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তাদের মধ্যে হাজার হাজার মানুষ সমুদ্রপথে জিবুতিতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে দেশটির মানবিক পরিস্থিতি আরও সংকটপূর্ণ হয়ে উঠেছে।

হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে আত্মরক্ষামূলক সামরিক সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। যুক্তরাজ্য সৌদি যুদ্ধবিমানকে আকাশে জ্বালানি সরবরাহসহ সীমিত প্রতিরক্ষামূলক সহায়তার কথা জানিয়েছে। ফ্রান্সও সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনা ও জ্বালানি অবকাঠামোর নিরাপত্তায় প্রতিরক্ষামূলক সহায়তার প্রস্তুতির কথা জানিয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই জি-৭-এর এই বিবৃতি এলো।