https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
খুলনা নগরীতে বিরল প্রজাতির একটি বন্যপ্রাণী উদ্ধার হওয়াকে কেন্দ্র করে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। প্রাণীটি দেখতে অনেকটা কাঠবিড়ালির মতো হলেও এটি ঠিক কোন প্রজাতির, তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ এটিকে সুগার গ্লাইডার বলে ধারণা করছেন, আবার কারও মতে এটি বিলুপ্তপ্রায় গন্ধগোকুল হতে পারে।
মঙ্গলবার (২ জুন) খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়া ২ নম্বর ক্রস রোড এলাকার একটি বাড়ির নারকেল গাছ থেকে প্রাণীটি নিচে পড়ে যায়। এ সময় একটি বিড়াল সেটির ওপর আক্রমণের চেষ্টা করলে স্থানীয় বাসিন্দা লাভলি বেগম প্রাণীটিকে উদ্ধার করেন। বর্তমানে প্রাণীটি তার তত্ত্বাবধানে রয়েছে।
উদ্ধারকারী পরিবারের সদস্যরা জানান, প্রাণীটি পানি পান করছে এবং ভাতের পাশাপাশি আম, কাঁঠাল ও কলাসহ বিভিন্ন ফলমূল খাচ্ছে। প্রাণীটিকে নিরাপদে পুনর্বাসনের জন্য খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে বিষয়টি জানানো হয়েছে।
প্রাণীটি সম্পর্কে অনুসন্ধান চালিয়ে বিভিন্ন তথ্য পাওয়া গেছে। কেউ এটিকে সুগার গ্লাইডার (পেটাউরাস ব্রেভিসেপস) হিসেবে শনাক্ত করার চেষ্টা করছেন। অস্ট্রেলিয়া, নিউ গিনি ও ইন্দোনেশিয়ায় পাওয়া এই নিশাচর প্রাণীটি সামনের ও পেছনের পায়ের মাঝখানে থাকা বিশেষ ঝিল্লির সাহায্যে এক গাছ থেকে অন্য গাছে ভেসে যেতে পারে। সাধারণত গাছের রস, ফুলের মধু, পরাগ ও ছোট পোকামাকড় এদের প্রধান খাদ্য।
তবে প্রাণীবিশেষজ্ঞদের একটি অংশের মতে, উদ্ধার হওয়া প্রাণীটি গন্ধগোকুলও হতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিস্তৃত এই নিশাচর স্তন্যপায়ী প্রাণীটি বিড়ালের মতো দেখতে হলেও ভিন্ন প্রজাতির। এর শরীর থেকে বিশেষ ধরনের সুগন্ধ বের হয়, যার কারণে বিভিন্ন এলাকায় এটি গাছখাটাশ, তালখাটাশ, ভোন্দর, সাইরেল বা ‘পোলাও প্রাণী’ নামেও পরিচিত।