ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘বাংলা কিউআর’ কোডভিত্তিক লেনদেনের উদ্বোধন করা হয়েছে। এ ব্যবস্থায় পণ্য কেনাকাটা ও অর্থ লেনদেনের ক্ষেত্রে গ্রাহক কিংবা ব্যবসায়ীকে কোনো ফি বা অতিরিক্ত চার্জ দিতে হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর ব্যবহার করে পণ্য কেনাকাটার উদ্বোধন ও লেনদেন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বাংলা কিউআরের মাধ্যমে যেকোনো লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। সরকারের এই উদ্যোগের আওতায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ডিজিটাল আর্থিক সেবার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
ফুচকা বিক্রেতা, রিকশাচালক, ফুটপাতের দোকানি ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও এই ব্যবস্থার মাধ্যমে সহজে টাকা গ্রহণ করতে পারবেন। কোনো নির্দিষ্ট ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন ব্যাংক বা সেবা প্রদানকারীর হিসাবে কিউআর কোডের মাধ্যমে অর্থ গ্রহণের সুযোগ থাকবে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলা কিউআর চালু হলে নগদ টাকা বহনের প্রয়োজন কমবে। পাশাপাশি লেনদেন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। তিনি জানান, প্রাথমিক পর্যায়ে নতুন এই ব্যবস্থায় কিছু কারিগরি সমস্যা বা সাময়িক জটিলতা দেখা দিতে পারে। তবে সেগুলো দ্রুত সমাধান করা সম্ভব হবে। বিশ্বের বিভিন্ন উন্নত ও দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে ক্যাশলেস লেনদেন কার্যকর ও নিরাপদ হিসেবে ব্যবহৃত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ ব্যাংক দেশে ক্যাশলেস লেনদেনের এই আন্তর্জাতিক চর্চা সর্বজনীন করার লক্ষ্যে কাজ করছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ডিজিটাল লেনদেন বাড়ানোর মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার সুযোগ তৈরি হবে।
ক্যাশলেস ও নিরাপদ অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে সরকারের উদ্যোগে সাধারণ নাগরিক, ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন