প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী সফরে তিনি পরশুরাম ও ফুলগাজী উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৮টায় সড়কপথে ঢাকার বাসভবন থেকে পরশুরামের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ১২টার দিকে ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন।

এ সময় ফেনীর তিন উপজেলার সরকারি কার্যালয়ের ছাদে স্থাপিত রুফটপ সোলার প্যানেল থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমও উদ্বোধন করার কথা রয়েছে।

দুপুর সোয়া ১টার দিকে ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। সেখানে দুপুর দেড়টায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এরপর ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাবেন তিনি।

বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানী ভাতা প্রদান করবেন প্রধানমন্ত্রী।

দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ত্যাগ করবেন তিনি। রাত ৯টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।