ফেনীর পরশুরামে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। দলটি সর্বশক্তি দিয়ে সবার জন্য আইনের সমতা ও দেশে আইনের শাসন প্রতিষ্ঠা নিশ্চিত করবে।

বৃহস্পতিবার বিকেলে পরশুরামের ঘাটঘর এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, মানুষের অধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি দীর্ঘদিন আন্দোলন করেছে। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ তৎকালীন শাসনের অবসান ঘটিয়েছে। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে।

তিনি বলেন, বিগত সময়ে আইনের শাসন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপি সেই পরিস্থিতির পরিবর্তন করে ধীরে ধীরে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে। এতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উন্নয়ন এবং বন্ধ মিল-কারখানা চালুর মতো জনকল্যাণমূলক উদ্যোগ বাধাগ্রস্ত হলে ক্ষতি হবে দেশের মানুষের।

বক্তব্যে কোনো দলের নাম উল্লেখ না করে ‘রাজনৈতিক দল’ ও ‘গুপ্তদল’ শব্দ ব্যবহার করে তারেক রহমান নারী নির্যাতনের অভিযোগের প্রসঙ্গও তোলেন। তিনি বলেন, একটি ঘটনার তদন্ত চলমান থাকায় এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে চান না। তবে যারা অন্যদের বিষয়ে পরামর্শ দিচ্ছেন, তাদের আগে নিজেদের ঘরের পরিস্থিতির দিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে প্রধানমন্ত্রী ফেনীর উত্তরাঞ্চলে মুহুরী-কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচব্যবস্থার উন্নয়নে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে নেওয়া প্রকল্পের উদ্বোধন করেন।

পরে ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি। এরপর জেলা পরিষদ ডাকবাংলোয় রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন এবং বিকেলে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।