৪৯তম বিসিএস (বিশেষ)-এর প্রথম প্রজ্ঞাপনে বাদ পড়া ৪৬ প্রার্থীর নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন আগামী সোমবার (৫ অক্টোবর) প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি বলেছেন, রাজনৈতিক পরিচয়ের কারণে সরকারি চাকরিতে কারও প্রতি কোনো ধরনের বৈষম্য করা হবে না।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির চূড়ান্ত ফলে ৬৬৮ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। এর মধ্যে গত ৩০ সেপ্টেম্বর প্রকাশিত প্রজ্ঞাপনে ৬১১ জনকে শিক্ষা ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়। ফলে ৫৭ জনের নাম প্রথম প্রজ্ঞাপনে ছিল না।
তবে এই ৫৭ জনের সবাই পুলিশ ভেরিফিকেশনে বাদ পড়েছেন—বিষয়টি এমন নয় বলে জানান মন্ত্রী। তাঁর ভাষ্য অনুযায়ী, তিনজন প্রয়োজনীয় সনদ জমা দিতে পারেননি এবং আটজন মেডিকেল পরীক্ষায় উপস্থিত হননি। এসব কারণে প্রথম প্রজ্ঞাপনের বাইরে থাকা প্রার্থীদের সংখ্যা দাঁড়ায় ৪৬ জন। তাঁদের প্রয়োজনীয় যাচাই-বাছাই ও পুলিশ ভেরিফিকেশন শেষে আগামী সোমবার প্রজ্ঞাপন প্রকাশ করা হবে।
রাজনৈতিক পরিচয়ের কারণে প্রার্থী বাদ পড়ার অভিযোগ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো পরীক্ষায় বা সরকারি নিয়োগে রাজনৈতিক পরিচয়ের কারণে বৈষম্য করা হবে না। তিনি বলেন, নিয়োগের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল পরীক্ষা ও প্রয়োজনীয় সনদ জমা দেওয়াসহ নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বাদ পড়া প্রার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বিসিএসের প্রজ্ঞাপন এক ধাপে শেষ হয় না; প্রয়োজন অনুযায়ী একাধিক ধাপে প্রজ্ঞাপন হতে পারে।
তিনি আরও জানান, ৪৯তম বিসিএস (বিশেষ)-এ নিয়োগপ্রাপ্তদের যোগদানের তারিখ ১২ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। ফলে প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এখনো সময় রয়েছে। কারও বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ বা আইনগত জটিলতা থাকলে তা যাচাই-বাছাইয়ের আওতায় আসতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে ৩০ সেপ্টেম্বর প্রকাশিত প্রজ্ঞাপনে ৬১১ জনকে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়। পিএসসির সুপারিশ পাওয়া ৬৬৮ জনের মধ্যে ৫৭ জনের নাম না থাকায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

মন্তব্য করুন