ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় ‘সিক্স ফ্ল্যাগস ম্যাজিক মাউন্টেন’-এর ‘এক্স২’ রোলার কোস্টার স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। রাইডটিতে চড়ার পর গুরুতর মস্তিষ্কে আঘাত পাওয়ার অভিযোগে একাধিক মামলা ও অভিযোগের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লস অ্যাঞ্জেলেসের উত্তরে ভ্যালেন্সিয়ায় অবস্থিত পার্কটির এই রাইডে আসন ৩৬০ ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে এবং ঘণ্টায় সর্বোচ্চ ৮০ মাইল (১৩০ কিলোমিটার) গতিতে চলতে পারে। ২০০৮ সালে চালুর পর এটি ১ কোটি ৬০ লাখের বেশি দর্শনার্থীকে সেবা দিয়েছে বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ।

সম্প্রতি দুই নারী রাইডটিতে চড়ার পর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। ৪০ বছর বয়সী পামেলা গিলেনের মাথায় গুরুতর রক্তক্ষরণ ও মস্তিষ্কে চাপ তৈরি হলে জরুরি অস্ত্রোপচার করা হয়। এর কয়েক দিন পর ২৫ বছর বয়সী নাওমি গ্রিয়ার-উইলকিনসন রাইডে চড়ার পর জ্ঞান হারিয়ে ফেলেন এবং তাঁরও জরুরি মস্তিষ্কের অস্ত্রোপচার হয়।

দ্বিতীয় ঘটনার পর রাইডটি সাময়িকভাবে বন্ধ করা হয়। পরে মঙ্গলবার পার্ক কর্তৃপক্ষ জানায়, এক্স২ আর চালু করা হবে না। পার্কের প্রেসিডেন্ট ব্রায়ান ওয়ের্ডিং বলেন, রাইডটি নিয়মিত নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হলেও দর্শনার্থীদের নিরাপত্তা ও আস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে স্থায়ীভাবে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে নাওমি গ্রিয়ার-উইলকিনসনের পক্ষে কাজ করা আইনজীবীরা জানিয়েছেন, এক্স২ -তে আহত হয়েছেন বলে দাবি করা ১০০-এর বেশি মানুষ তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে সিক্স ফ্ল্যাগস বিচারাধীন মামলা নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

এর আগে ২০২২ সালে এক্স২ -তে চড়ার পর মারা যাওয়া ২২ বছর বয়সী ক্রিস্টোফার হউলির পরিবারের সঙ্গে সিক্স ফ্ল্যাগস ও রাইড নির্মাতা প্রতিষ্ঠান এস অ্যান্ড এস ওয়ার্ল্ডওয়াইড সমঝোতায় পৌঁছায়। এছাড়া ২০২০ সালে রাইডটিতে চড়ে মস্তিষ্কে গুরুতর আঘাত পাওয়ার অভিযোগ করা ৫৬ বছর বয়সী এক নারীর মামলার শুনানি আগামী বছর হওয়ার কথা রয়েছে।