ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ এর সদস্য ফেরদৌসী আহমেদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। তার পদত্যাগের পর আসনটি শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদ।

বৃহস্পতিবার সংসদ ভবনের ট্যানেলে সাংবাদিকদের এ তথ্য জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

স্পিকার বলেন, ফেরদৌসী আহমেদ তার কার্যালয়ে এসে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সংবিধানের বিধান অনুযায়ী পদত্যাগের সঙ্গে সঙ্গেই আসনটি শূন্য হয়েছে।

তিনি জানান, আসন শূন্য হওয়ার বিষয়টি গেজেট প্রকাশের জন্য পাঠানো হয়েছে। গেজেট প্রকাশের পর বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হবে। বৃহস্পতিবার থেকেই পদত্যাগ কার্যকর হয়েছে।

এদিকে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফেরদৌসী আহমেদের পদত্যাগের কারণে ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ মহিলা আসন-২৩ শূন্য হয়েছে।

সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী ১ অক্টোবর থেকেই আসনটি শূন্য হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।