দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো প্রচেষ্টার বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, যারা জনগণের ভাগ্য পরিবর্তনের সুস্পষ্ট কর্মসূচি দিতে পারে না, তাদের বিষয়ে সচেতন থাকা প্রয়োজন। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা জেল-জুলুম, হত্যা ও মামলার শিকার হয়েছেন। বর্তমানে দেশের কিছু মানুষ অরাজকতা তৈরির চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি। তারেক রহমান বলেন, সাধারণ মানুষ এখন নিজেদের ভাগ্যের পরিবর্তন চায়। এ লক্ষ্যেই সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা বাড়ানোর মতো কর্মসূচি বাস্তবায়ন করছে।
তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের এবং বিভিন্ন সহায়তার মাধ্যমে সাধারণ মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের স্বচ্ছলতা বাড়লে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে।
সরকারপ্রধান দাবি করেন, বিএনপি জনগণের জন্য কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে কাজের প্রমাণ দিয়েছে। অন্যদিকে যারা শুধু ক্ষমতায় যাওয়ার রাজনীতি করে, তাদের জনগণের কল্যাণে কী কর্মসূচি রয়েছে, সেটি স্পষ্ট করা প্রয়োজন।
জনসভায় রাজনৈতিক প্রতিপক্ষের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, যারা ‘গুপ্ত রাজনীতি’ ও স্বৈরাচারী রাজনীতি করে এবং জনগণের ভাগ্য পরিবর্তনের কোনো কর্মসূচি রাখে না, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।
এর আগে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান করেন। পরে ফুলগাজীর জেলা পরিষদ ডাকবাংলোয় রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

মন্তব্য করুন