হেবরনের প্রায় ১২ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত তারকুমিয়া শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় টিয়ার গ্যাসের ধোঁয়ার সংস্পর্শে আসায় বেশ কয়েকজন ফিলিস্তিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
অভিযানের সময় সৈন্যরা স্থানীয় বাসিন্দাদের লক্ষ্য করে একের পর এক টিয়ার গ্যাস নিক্ষেপ করলে বেশ কয়েকজন শ্বাসকষ্টে ভোগেন। স্থানীয় সূত্রগুলো ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ‘ওয়াফা’ (WAFA)-কে জানিয়েছে যে, আক্রান্তদের সবাইকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে।
হেবরনের দক্ষিণে আরেকটি ঘটনায়, ইয়াত্তার ওয়াদি আল-রাখিম এলাকায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা একটি ফিলিস্তিনি বাড়িতে হামলা চালিয়ে সোলার প্যানেল ক্ষতিগ্রস্ত করেছে।
দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি জনবসতিগুলোর ওপর ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে বৃদ্ধি পেয়েছে। ওই দিন হামাসের নেতৃত্বাধীন হামলার জবাবে ইসরায়েলি কর্তৃপক্ষ গাজায় সামরিক অভিযান শুরু করেছিল।
জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সমন্বয় দপ্তর (OCHA)-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্টের মধ্যে বসতি স্থাপনকারীদের দ্বারা অন্তত ১,৬০০টি হামলার ঘটনা ঘটেছে। এটি দৈনিক গড়ে ৬.৭টি হামলার সমান, যা আগের বছরের দৈনিক পাঁচটি হামলার তুলনায় বেশি।
ওই সময়ে ২৭৫টি জনবসতিতে ফিলিস্তিনিদের হতাহত হওয়া কিংবা সম্পত্তির ক্ষয়ক্ষতির ঘটনা রেকর্ড করা হয়েছে।

মন্তব্য করুন