প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় পড়ে থাকা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের ছয়টি বিচ্ছিন্ন বগি উদ্ধার করা হলে ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে দুপুর দেড়টার দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস (৭২০) লাউয়াছড়া এলাকায় পৌঁছালে ট্রেনটির মাঝামাঝি অংশের হুক বা সংযোগ ক্লিপ ভেঙে যায়। এতে পেছনের ছয়টি বগি ইঞ্জিনসহ সামনের ছয়টি বগি থেকে বিচ্ছিন্ন হয়ে লাউয়াছড়া বনের ভেতরে পড়ে থাকে।
এদিকে ইঞ্জিনসহ সামনের ছয়টি বগি নিয়ে ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে চলে যায়। দুর্ঘটনার পর বিচ্ছিন্ন বগিগুলো উদ্ধারে বিকল্প একটি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হুসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল সাড়ে ৫টার দিকে লাউয়াছড়া বনে পড়ে থাকা ছয়টি বগি উদ্ধার করা হয়েছে। এরপর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় ট্রেন চলাচলে প্রায় চার ঘণ্টা বিঘ্ন ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন