পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আজ শুক্রবার বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। বিশেষ কার্গো উড়োজাহাজে করে চালানটি দুপুরের মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে পারে। প্রকল্পসংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। বিমানবন্দরে পৌঁছানোর পর কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে শনিবার ইউরেনিয়াম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার ইউরেনিয়ামবাহী কার্গো উড়োজাহাজটির বাংলাদেশে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে ফ্লাইটটি বাতিল করা হয়। পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় এই জটিলতা তৈরি হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সংশ্লিষ্টরা জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ্বালানি হিসেবে সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি, মোট নয়টি চালানে ইউরেনিয়াম দেশে আনা হবে। পরিকল্পনা অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যে পুরো ইউরেনিয়াম সরবরাহ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

রূপপুর দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পসংশ্লিষ্টদের প্রত্যাশা, সব প্রস্তুতি ও নির্ধারিত কার্যক্রম ঠিকভাবে এগোলে ডিসেম্বরের মধ্যে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে প্রাথমিকভাবে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। ইউরেনিয়ামের এই চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি সরবরাহ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ একটি ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।