ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে গত ২৪ ঘণ্টায় ৪৭৪টি বিমান হামলা ও সামরিক অভিযান চালানোর দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী। এসব অভিযানে ১ হাজার ৫৪০ জন হুথি যোদ্ধা নিহত বা আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।

ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলি জানান, হুথিদের অবস্থান, সামরিক গতিবিধি, রসদ সরবরাহ ও সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যুদ্ধবিমান, ড্রোন, গোলন্দাজ ইউনিট, ক্ষেপণাস্ত্র ও রকেট লঞ্চার ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি।

মুখপাত্রের দাবি, সবচেয়ে তীব্র লড়াই হয়েছে তাইজ ফ্রন্টে। সেখানেই হুথিদের সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। অভিযানে হুথিদের ২১৬টি সামরিক যান ও অন্যান্য সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছে ইয়েমেনি বাহিনী। সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, সানা, সাদা, তাইজ, হাজ্জাহ, আমরান, কিতাফ, আল-জাওফ, মারিব, আল-বাইদা ও লাহজসহ বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়েছে।

তবে ইয়েমেনি বাহিনীর এসব দাবির বিপরীতে সৌদি বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ করেছে হুথিরা। তাদের দাবি, গত ২৪ ঘণ্টায় সানা, সাদা, তাইজ, হাজ্জাহ, আমরান ও ইব প্রদেশের বিভিন্ন এলাকায় ৯৪টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হুথিদের দাবি, এসব হামলার লক্ষ্য ছিল বেসামরিক স্থাপনা এবং এতে বেশ কয়েকজন বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। হামলায় এফ-১৫ ও টাইফুন যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেছে তারা। সাম্প্রতিক উত্তেজনা শুরুর পর সৌদি বাহিনী অন্তত ১ হাজার ৩৫০ বার হামলা চালিয়েছে বলেও দাবি হুথিদের।

ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলা সংঘাতে হুথি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে লড়াইয়ের পাশাপাশি আঞ্চলিক শক্তিগুলোর সামরিক সম্পৃক্ততা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সংঘাতের কারণে দেশটিতে দীর্ঘদিন ধরে গুরুতর মানবিক সংকট বিরাজ করছে।