বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেলে নতুন করে যুক্ত হচ্ছেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ কোচ মালিবংওয়ে মাকেতা। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে দুই দশকের বেশি সময়ের কোচিং অভিজ্ঞতা রয়েছে ৪৬ বছর বয়সী মাকেতার। ক্রিকেট সাউথ আফ্রিকার লেভেল-৪ সনদধারী এই কোচ দেশটির জাতীয় দল, ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ দল, জাতীয় ক্রিকেট একাডেমি এবং ফ্র্যাঞ্চাইজি পর্যায়ে কাজ করেছেন।

২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সহকারী কোচ ছিলেন মাকেতা। ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপেও প্রোটিয়াদের কোচিং স্টাফের সদস্য ছিলেন তিনি। তার সময়ে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জয় এবং শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।

তরুণ ক্রিকেটার তৈরিতেও দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে মাকেতার। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য সম্ভাবনাময় ক্রিকেটারদের প্রস্তুত করা ছিল তার অন্যতম দায়িত্ব।

সর্বশেষ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ এবং জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন মাকেতা। ২০২৩-২৪ মৌসুমে তার অধীনে সিএসএ ওয়ানডে কাপের দ্বিতীয় বিভাগে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। তার কোচিংয়ে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল আইসিসি যুব বিশ্বকাপের সেমিফাইনালেও খেলেছে।

বাংলাদেশ দলের সঙ্গে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মাকেতা। বিসিবির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পেয়ে তিনি আনন্দিত এবং দলের সাফল্যে ইতিবাচক অবদান রাখতে চান। বাংলাদেশ দলে থাকা তরুণ প্রতিভার প্রশংসা করে মাকেতা বলেন, খেলোয়াড়দের সামর্থ্যের সর্বোচ্চটা বের করে আনা এবং তাদের ধারাবাহিক উন্নতিতে সহায়তা করাই হবে তার অন্যতম লক্ষ্য।