তিন দশক পেরিয়েও দর্শকের মুখে মুখে ফিরছে ‘চাচা, হেনা কোথায়?’ সংলাপটি। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া ‘প্রেমের সমাধি’ সিনেমার আবেগঘন এই দৃশ্য এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পুরোনো সিনেমার প্রতি দর্শকের এমন ভালোবাসা দেখে নিজের অনুভূতির কথা জানিয়েছেন ছবিতে হেনা চরিত্রে অভিনয় করা চিত্রনায়িকা শাবনাজ।
ইফতেখার জাহান পরিচালিত ‘প্রেমের সমাধি’ সিনেমায় বকুল চরিত্রে অভিনয় করেন বাপ্পারাজ এবং হেনার ভূমিকায় ছিলেন শাবনাজ। সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার জাহান ঝন্টু। এতে আরও অভিনয় করেছেন আনোয়ার হোসেন ও অমিত হাসান।
সিনেমার আলোচিত দৃশ্যে দীর্ঘদিন পর বাড়ি ফিরে বকুল জানতে পারেন, তাঁর ভালোবাসার মানুষ হেনার বিয়ে হয়ে গেছে। হেনার বাবার কাছে তাঁর প্রশ্ন, ‘চাচা, হেনা কোথায়?’ এরপর বিয়ের খবর শুনে বকুলের আবেগঘন প্রতিক্রিয়া এবং পেছনে বেজে ওঠা ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’ গানটি দৃশ্যটিকে স্মরণীয় করে রেখেছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দৃশ্যটি ছড়িয়ে পড়লে নতুন প্রজন্মের দর্শকদের মধ্যেও সিনেমাটি নিয়ে আগ্রহ দেখা যায়। এক সাক্ষাৎকারে শাবনাজ জানান, এত বছর পরও মানুষ সিনেমাটির সংলাপ ও অভিনয় মনে রেখেছেন—এটি তাঁর জন্য আনন্দের বিষয়।
শাবনাজের মতে, ভালো গল্প, নির্মাণ ও অভিনয়ের কারণেই একটি সিনেমা দীর্ঘদিন দর্শকের মনে জায়গা করে নিতে পারে। সময়ের সঙ্গে কিছু সিনেমা কালজয়ী হয়ে ওঠে, যা নতুন প্রজন্মের কাছেও সমানভাবে জনপ্রিয় থাকে।
বর্তমানে অভিনয় থেকে দূরে রয়েছেন শাবনাজ। স্বামী চিত্রনায়ক নাঈম ও দুই সন্তানকে নিয়ে সংসারেই সময় কাটছে তাঁর। ধর্মকর্ম ও অসহায় মানুষের সেবায় নিজেকে ব্যস্ত রাখতে চান তিনি। আপাতত অভিনয়ে ফেরার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।
পর্দায় নিয়মিত না থাকলেও দর্শকের ভালোবাসা এখনো পাচ্ছেন শাবনাজ। তাঁর অভিনীত সিনেমা নিয়ে আলোচনা ও প্রশংসাকে বড় প্রাপ্তি মনে করেন তিনি। ‘প্রেমের সমাধি’র জনপ্রিয় সংলাপটি নতুন করে আলোচনায় আসা যেন সেই ভালোবাসারই আরেকটি প্রমাণ।

মন্তব্য করুন