জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মীর মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানসহ ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
রোববার (১১ অক্টোবর) প্রসিকিউশনের শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ৪ নভেম্বর মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে।
মামলার ২৬ আসামির মধ্যে আটজন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার মির্জা সালাহউদ্দিন, উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতা।
সাবেক সংসদ সদস্য হাবিব হাসানসহ বাকি ১৮ আসামি পলাতক। তাঁদের মধ্যে রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, উত্তরা বিভাগের সাবেক পুলিশ কর্মকর্তা এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতা।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর অভিযোগ গঠনের আদেশ দেওয়ার কথা থাকলেও ট্রাইব্যুনালের একজন বিচারক অসুস্থ থাকায় তা পিছিয়ে দেওয়া হয়। এর আগে মামলাটি ট্রাইব্যুনাল-১ থেকে ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হয়েছিল।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে নির্বিচারে গুলি চালানো হয়। এতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ সাতজন নিহত হন। একই ঘটনায় পাঁচজনকে হত্যাচেষ্টার উদ্দেশ্যে গুলি করে গুরুতর আহত করার অভিযোগ রয়েছে।
দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে, ১৯ জুলাই একই এলাকায় আন্দোলনকারীদের ওপর গুলিতে রিদোয়ান শরীফ রিয়াদ জয়সহ চারজন নিহত হন। এ ঘটনায় আরও একজনকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
প্রসিকিউশনের দাবি, ঘটনাগুলো পরিকল্পিত ও পদ্ধতিগতভাবে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ। আগামী ৪ নভেম্বর সূচনা বক্তব্যের মধ্য দিয়ে মামলার পরবর্তী বিচারিক কার্যক্রম শুরু হবে।

মন্তব্য করুন