বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে জাপানের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মারুবেনি করপোরেশন। প্রতিষ্ঠানটির এ আগ্রহকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার।

রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মারুবেনি করপোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোটোর নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার এবং তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বলেন, মারুবেনি করপোরেশনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের পাটজাত পণ্যের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। বিদ্যমান সম্পর্কের পাশাপাশি নতুন খাতেও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

বৈঠকে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পায়। প্রকৌশল স্নাতকদের আইটি ও সাইবার নিরাপত্তায় দক্ষ করে তোলার মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক সেবাকেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

আগামী ১২ মাসের মধ্যে বাংলাদেশে একটি এআইভিত্তিক ডেটা সেন্টার চালুর পরিকল্পনার বিষয়টিও বৈঠকে উঠে আসে। এ প্রকল্পে মারুবেনির বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন দুই পক্ষের প্রতিনিধিরা।

এ ছাড়া কৃষিতে আধুনিক প্রযুক্তি ও এআইয়ের ব্যবহার বাড়ানোর পাশাপাশি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) বিনিয়োগ সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। দেশে দ্বিতীয় একটি কাফকো স্থাপনের সম্ভাবনায় আগ্রহ প্রকাশ করেছে জাপানি প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকর হলে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মারুবেনি করপোরেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।