জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন ও পালনের বিষয়ে নতুন পরিপত্র জারি করেছে সরকার। রোববার (১১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এ পরিপত্রে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন এবং ছুটি ঘোষণার কথা উল্লেখ করা হয়েছে।
নতুন পরিপত্র জারির ফলে গত ১১ মার্চ জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন বা পালনসংক্রান্ত জারি করা আগের পরিপত্রটি বাতিল করা হয়েছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় পর্যায়ের উৎসব ছাড়া সাধারণভাবে দিবস পালনের ক্ষেত্রে সাজসজ্জা ও বড় ধরনের বিচিত্রানুষ্ঠান যথাসম্ভব পরিহার করতে হবে। রেডিও-টেলিভিশনে আলোচনা এবং সীমিত পরিসরে সেমিনার বা সিম্পোজিয়াম আয়োজন করা যাবে। তবে কর্মদিবসে সমাবেশ ও শোভাযাত্রা আয়োজন এড়িয়ে চলতে হবে।
পরিপত্রে আরও বলা হয়েছে, কোনো সপ্তাহ পালনের কর্মসূচি সাধারণত তিন দিনের মধ্যে সীমিত রাখতে হবে। সরকারি কর্মসূচির কারণে যেন দাপ্তরিক কাজে ব্যাঘাত না ঘটে, তা নিশ্চিত করতে হবে। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছুটির দিনে অথবা অফিস সময়ের পরে আয়োজনের চেষ্টা করতে হবে।
এ ছাড়া যেসব অনুষ্ঠানে নগদ অর্থ বা উপকরণ ব্যয়ের প্রয়োজন নেই, সেগুলো ছুটির দিন কিংবা কর্মদিবসে আয়োজন করা যাবে। দিবস বা সপ্তাহ পালন উপলক্ষে জেলা পর্যায় থেকে কর্মকর্তা-কর্মচারীদের ঢাকায় আনা যথাসম্ভব পরিহার করতে বলা হয়েছে।
সরকারি ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে একই ধরনের জাতীয় ও আন্তর্জাতিক দিবস একই দিনে পালনের নির্দেশনাও দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট আন্তর্জাতিক দিবসকে অগ্রাধিকার দিতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে সারসংক্ষেপ পাঠাতে বলা হয়েছে।
নতুন নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্তব্য করুন