রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারা গলির মনসুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানোর শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। আগুনে ভবনটির ছয়তলায় থাকা সব মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে নিরাপত্তার কারণে ভবনের ভেতরে প্রবেশ করতে না পারায় গোডাউনে থাকা পণ্যের প্রকৃত ক্ষয়ক্ষতি জানতে পারছেন না ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালেও আগুনে ক্ষতিগ্রস্ত ভবনের সামনে উদ্বিগ্ন অবস্থায় অপেক্ষা করতে দেখা যায় তাদের। কারও গোডাউনে ছিল ৪০ লাখ টাকার ব্যাগ, আবার কারও রয়েছে কোটি কোটি টাকার পণ্য। সারা জীবনের পুঁজি হারানোর আশঙ্কায় দুশ্চিন্তায় সময় পার করছেন তারা।

গোডাউন মালিক মো. রবিন জানান, ভবনের পাঁচ, ছয় ও সাততলায় ৫০টির বেশি গোডাউন রয়েছে। প্রতিটি গোডাউনে আনুমানিক ২০ থেকে ৪০ লাখ টাকার মালামাল রাখা ছিল। তার গোডাউন ছয়তলায় হওয়ায় ক্ষয়ক্ষতি নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন তিনি।

রবিন বলেন, ‘আমাদের গোডাউনে প্রায় ৪০ লাখ টাকার ব্যাগ ছিল। এখন যদি সব পুড়ে যায়, তাহলে আমি সর্বস্বান্ত হয়ে যাব।’

ভবনের নিচতলায় ব্যাগের দোকান রয়েছে মো. ইমতিয়াজের। আগুন নিয়ন্ত্রণে দীর্ঘ সময় লাগায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সোমবার বিকেল ৫টায় আগুন লাগার পর মঙ্গলবার সকালেও ভবন থেকে ধোঁয়া বের হচ্ছিল। তার অভিযোগ, আগুন দ্রুত নিয়ন্ত্রণে না আসায় অনেক ব্যবসায়ী পথে বসার আশঙ্কায় রয়েছেন।

এদিকে নিরাপত্তার স্বার্থে আশপাশের আরও ১০ থেকে ১৫টি ভবন বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে ক্ষতিগ্রস্ত ভবনের ব্যবসায়ীদের পাশাপাশি আশপাশের দোকানিরাও আর্থিক লোকসানে পড়েছেন।

ফায়ার সার্ভিস জানায়, সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ১০টি ইউনিট কাজ শুরু করে। মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তীব্র ধোঁয়ায় ফায়ার সার্ভিসের দুই কর্মী অসুস্থ হন।

আগুন নিয়ন্ত্রণে এলেও ব্যবসায়ীদের দুশ্চিন্তা কাটেনি। গোডাউনে প্রবেশ করে মালামালের অবস্থা দেখার অপেক্ষায় রয়েছেন তারা।