ছারপোকার উপদ্রবের কারণে ইতালি থেকে অস্ট্রেলিয়াগামী একটি ফ্লাইট বাতিল করেছে অস্ট্রেলিয়ার বিমান সংস্থা কান্টাস। শনিবার (১০ অক্টোবর) ফ্লাইটটি বাতিলের পর উড়োজাহাজটি পরিষ্কার করার জন্য সাময়িকভাবে গ্রাউন্ডেড করা হয়। এ তথ্য জানিয়েছে বিবিসি।

এর আগে শুক্রবার পার্থ থেকে রোমগামী প্রায় ১৭ ঘণ্টার যাত্রায় কয়েকজন যাত্রী ছারপোকার কামড়ের অভিযোগ করেন। কামড়ের কারণে সৃষ্ট চুলকানি কমাতে তাঁদের অ্যান্টিহিস্টামিন ওষুধ দেওয়া হয়। তবে একপর্যায়ে ওষুধের সরবরাহ শেষ হয়ে যায় বলে সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে জানানো হয়েছে।

কান্টাসের এক মুখপাত্র জানান, বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটির ইকোনমি শ্রেণির কয়েকটি আসনে ছারপোকার উপস্থিতি শনাক্ত করা হয়। পরিস্থিতি বিবেচনায় উড়োজাহাজটি পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিমান সংস্থাটি। ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি মূল যাত্রার নির্ধারিত সময়ের ৪৮ ঘণ্টার মধ্যে বিকল্প ফ্লাইটে তাঁদের আসন সংরক্ষণ করা হয়েছে।

যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএসের তথ্য অনুযায়ী, ছারপোকা ছোট ও ডানাবিহীন পোকা, যা বিছানা, কাপড় ও আসবাবপত্রে লুকিয়ে থাকতে পারে। এদের কামড়ে চুলকানি হলেও সাধারণত গুরুতর স্বাস্থ্যসমস্যা দেখা দেয় না।

পরিবহন খাতে ছারপোকার উপদ্রবের ঘটনা অবশ্য নতুন নয়। দুই সপ্তাহেরও কম সময় আগে ইংল্যান্ডে সাউথইস্টার্ন রেলওয়ের কয়েকটি ট্রেনের চালকদের কেবিনে ছারপোকা পাওয়া যাওয়ায় ট্রেন চলাচল বাতিল করা হয়।

এর আগে ২০১৭ সালে ভ্যাঙ্কুভার থেকে লন্ডনগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে ছারপোকার কামড়ে আক্রান্ত হওয়ার অভিযোগ করেছিল একটি পরিবার। এ ছাড়া গত বছর তুর্কিশ এয়ারলাইনসের উড়োজাহাজেও ছারপোকার উপদ্রবের অভিযোগ ওঠে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ ধরনের একাধিক ঘটনার কথা তুলে ধরা হয়।