বাংলাদেশের কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশ ও নেপালের মধ্যে। আগামী মাসে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। এর ফলে নেপালি পর্যটকদের সরাসরি কক্সবাজার ভ্রমণের সুযোগ তৈরি হতে পারে।

বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৩টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। এ সময় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে পর্যটক বিনিময় বৃদ্ধি, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং যৌথ উদ্যোগে পর্যটন শিল্পের বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়। মন্ত্রী বলেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে নেপালি পর্যটকদের জন্য বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সমুদ্রসৈকত ভ্রমণ আরও সহজ হবে।

এ সময় কক্সবাজারে সরাসরি ফ্লাইট পরিচালনার সম্ভাবনা নিয়েও কথা বলেন মন্ত্রী। নেপালের আন্তর্জাতিক বিমান সংস্থা হিমালয়ান এয়ারলাইন্স কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালু করতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এমন উদ্যোগ বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে পর্যটন যোগাযোগ বাড়ার পাশাপাশি কক্সবাজারের পর্যটনশিল্পেও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

অন্যদিকে, ঢাকা-পোখারা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে নেপালের পক্ষ। এ রুট চালু হলে দুই দেশের পর্যটকদের যাতায়াত আরও সহজ হওয়ার পাশাপাশি নেপালের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পোখারার সঙ্গে বাংলাদেশের সরাসরি আকাশপথে যোগাযোগের সুযোগ সৃষ্টি হতে পারে।

সাক্ষাতে উভয় পক্ষ বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি পর্যটন খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে।